বিশ্রামে অধিনায়ক সাকিব, অনুশীলনে ফরচুন বরিশাল
জানুয়ারি ০২ ২০২৩, ১৭:৪২
ডেস্ক প্রতিবেদক ॥ বিপিএলের নবম আসর শুরু হচ্ছে ৬ জানুয়ারি। গেলবারের রানার্সআপ ফরচুন বরিশাল লড়াইয়ে নামবে পরদিন। আগামী ৭ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের নতুন মিশন।
লক্ষ্যটা সামনে রেখে আজ সোমবার (২ জানুয়ারি) থেকে অনুশীলন শুরু করেছে ফরচুন বরিশালের ক্রিকেটাররা। তবে দলীয় অনুশীলনের প্রথম দিন মিস করেছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। বিশ্রামে রাখা হয়েছে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে।
সোমবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন সেরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের সাবেক এ টি-টোয়েন্টি অধিনায়কের সঙ্গে অনুশীলনে নিজেকে ঝালাই করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও তার সতীর্থরা।
বল হাতে ঘাম ঝরিয়েছেন পেসার এবাদত হোসেন, খালেদ আহমেদ ও কামরুল ইসলাম রাব্বিরা।
বরিশালের হয়ে বিপিএল মাতাতে খুব দ্রুতই ঢাকায় আসছেন উইন্ডিজ তারকা রাকিম কর্নওয়াল। তার সঙ্গে আফগানিস্তান থেকে দলে যোগ দেবেন ক্রিকেটার করিম জানাত ও ইব্রাহিম জাদরান।
ফরচুন বরিশাল টিম : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, এনামুল হক বিজয়, ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইব্রাহিম জাদরান, করিম জানাত, ওমর কাদির, রাকিম কর্নওয়াল, কেসরিক উইলিয়ামস, রহমানউল্লাহ গুরবাজ, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন, হায়দার আলী ও চতুরঙ্গ ডি সিলভা








































