আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সারাদিন ‘ফ্রি’ চা খাওয়াচ্ছেন ইব্রাহিম
ডিসেম্বর ১৯ ২০২২, ১৬:২৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্রিয় দল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সারাদিন ফ্রি চা খাওয়াচ্ছেন আর্জেন্টিনার সার্পোটার ও মেসি ভক্ত মাগুরার চা দোকানি ইব্রাহিম হোসেন ওরফে মোহামেডান।
এর আগে বিশ্বকাপ শুরু হলে তিনি তার পুরো চায়ের দোকান আর্জেন্টিনার পতাকার রঙে রঙ করে আলোচনায় আসেন। ইব্রাহিম হোসেন মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। চা দোকানির পাশাপাশি তিনি নিজেও একজন কৃতী ফুটবলার।
মাগুরা জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড়। বর্তমানে তিনি মাগুরা ইয়াং স্টার একাডেমির একজন নিয়মিত মিডফিল্ডার। স্থানীয়রা জানান, শহরের ইসলামপুর পাড়ায় পূর্বাশা সিনেমা হলের সামনে ইব্রাহিমের চায়ের দোকান। তিনি রোববার রাতে ফ্রান্স-অর্জেন্টিনা ফাইনাল খেলা শুরুর আগেই ঘোষণা দেন আর্জেন্টিনা বিজয়ী হলে সোমবার সারাদিন তার দোকানে আগত মানুষদের ফ্রি (বিনা টাকায়) চা খাওয়াবেন।
ইব্রাহিম জানান, তিনি আর্জেন্টিনার সমর্থক এবং মেসির অন্ধ ভক্ত। যে কারণে বিশ্বকাপ শুরু হলে তার চায়ের দোকান আর্জেন্টিনা পতাকার রঙে রঙ করিয়েছেন।
এর পাশাপাশি যে দিনই আর্জেন্টিনার খেলা থাকে তিনি জার্সি পরে খেলা দেখেন ও অন্য সমর্থকদের সঙ্গে বিজয় উল্লাসে মেতে ওঠেন।ফাইনালে আর্জেন্টিনার বিজয়ে তিনিও ভীষণ আনন্দিত। খেলা শুরুর আগেই ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে সারাদিন সবাইকে ফ্রি চা খাওয়াবেন। তাই আজ সোমবার সারাদিন তার দোকনে ফ্রি চা খাওয়ানো হচ্ছে।
মাগুরা ইয়াং স্টার ফুটবল একাডেমির পরিচালক ও কোচ সৈয়দ বারিক আনজাম বার্কি জানান, ইব্রাহিম চা দোকানী হলেও নিজেও একজন কৃতি ফুটবলার।
ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনা বিজয়ী হলে আনন্দে আত্মহারা হয়ে যায়। ইব্রাহিমের আর্জেন্টিনা ফুটবল দল ও মেসির প্রতি প্রতি এত ভালবাসা যে, প্রিয় দলের বিজয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার সারদিন তিনি তার দোকানে আসা সবাইকে ফ্রি চা খায়াচ্ছেন।
আ/ মাহাদী








































