লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শাশুড়ি গ্রেপ্তার
ডিসেম্বর ১৮ ২০২২, ১৩:৩৪
ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে নূরজাহান বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় শাশুড়ি রানু বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (১৮ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার রায়রাবাদ গ্রামের ইউনূছ খনকারের বাড়ি থেকে ওই গৃহবধূ লাশ উদ্ধার করা হয়। গৃহবধূর বাবা আবদুল মতিন নূরজাহানের স্বামী, শ্বশুর, শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
নূরজাহান ওই বাড়ির মো. কবিরের স্ত্রী। তার সাত বছরের একটি ছেলে রয়েছে। কবির ঢাকায় চাকরি করেন। নূরজাহানের বাবার বাড়ি একই উপজেলার টবগী গ্রামে।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ‘ওই গৃহবধূর সঙ্গে কবিরের যৌতুকের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এ নিয়ে আদালতে মামলা ছিল। যার জন্য নূরজাহান বেশিরভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন। এ ঘটনার কিছুদিন আগে আপসের কথা বলে তাকে শ্বশুরবাড়ি নিয়ে আসা হয়। তবে শনিবার সন্ধ্যায় টয়লেটে গিয়ে নূরজাহানের শাশুড়ি তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর চিৎকার দিলে স্থানীয়রা এসে আমাদের খবর দেন। পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে আসে।’
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, নূরজাহানের বাবা ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে।
মামলার অভিযোগের ভিত্তিতে শাশুড়ি রানু বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে অন্য আসামিরা পলাতক। তাদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।








































