১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই ০৮ ২০২৬, ০২:৪২

আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে ইতোমধ্যে বরিশাল বিভাগজুড়ে রাজনৈতিক অঙ্গন, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে তিনি বরিশাল জেলা, মহানগর এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফরে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্পগুলো নতুন করে আলোচনায় আসতে পারে। এর মধ্যে রয়েছে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ, পায়রা বন্দর ও কুয়াকাটা সমুদ্রসৈকতকে রেলপথের আওতায় আনার পরিকল্পনা এবং এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন।

এসব প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

সফরের কর্মসূচিতে সামাজিক ও পরিবেশগত কয়েকটি উদ্যোগও গুরুত্ব পাচ্ছে। এর মধ্যে বরিশালের ঐতিহ্যবাহী জেল খাল সংস্কার কার্যক্রম পরিদর্শন এবং নগরীর বেলস পার্ক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন সফরের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফর সফল করতে দলীয় কার্যালয়ে ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা, জনসমাগম ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

দলীয় নেতাকর্মীদের আশা, এই সফর একদিকে যেমন সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে, অন্যদিকে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশাকেও নতুন করে সামনে নিয়ে আসবে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশাল সফরে এসে বান্দরোডের ঐতিহ্যবাহী বেলস পার্ক মাঠে আয়োজিত বিএনপির এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও