অর্থসংকটে ভর্তি অনিশ্চিত, ববি শিক্ষার্থীর শান্ত’র
জুলাই ০৯ ২০২৬, ০০:১১
হৃদয় কুমার, ববি প্রতিনিধি ॥ অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি নিয়ে অনিশ্চয়তায় থাকা এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত। তাঁর ব্যক্তিগত আর্থিক সহায়তায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের একটি বিভাগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি সম্পন্ন করেছেন ওই শিক্ষার্থী।
বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষার্থীর হাতে ভর্তির প্রয়োজনীয় অর্থ তুলে দেন আরিফ হোসেন শান্ত। জানা যায়, প্রাথমিক ভর্তি সম্পন্ন করলেও অর্থসংকটের কারণে চূড়ান্ত ভর্তি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি।
সহায়তা পাওয়া শিক্ষার্থী বলেন, “ভর্তির অর্থ জোগাড় করতে না পেরে আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম। মনে হচ্ছিল, হয়তো উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হবে না। এমন সময় আরিফ হোসেন শান্ত ভাই আমার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন। তাঁর এই সহায়তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আগে থেকেই মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে তাঁর কথা শুনেছিলাম। সেই আস্থা থেকেই তাঁর কাছে সহযোগিতা চেয়েছিলাম এবং তিনি আমাকে হতাশ করেননি।”
এ বিষয়ে আরিফ হোসেন শান্ত বলেন, “আমরা মনে করি, রাজনীতির অন্যতম উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করা। একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সুগম করতে সামান্য ভূমিকা রাখতে পেরে ভালো লাগছে। আমরা চাই, কোনো মেধাবী শিক্ষার্থী যেন শুধুমাত্র অর্থের অভাবে তার শিক্ষাজীবন থেকে বঞ্চিত না হয়।”
তিনি আরও বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের যে ভাবনা, সেই আদর্শ থেকেই আমরা শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছি। শিক্ষা সবার অধিকার, তাই সামর্থ্য অনুযায়ী মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করা সমাজের সবার দায়িত্ব।”
সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নিজ নিজ অবস্থান থেকে অন্তত একজন মেধাবী শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আরও অনেক শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব।”








































