টানা তিন দিনের বৃষ্টির কবলে বরিশালবাসী ॥ জনদুর্ভোগ চরমে
জুলাই ০৭ ২০২৬, ১৭:৩৩
আরিফ হোসেন ॥ সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বরিশাল বিভাগজুড়েও গত দিন তিন ধরে পড়ছে ভারী থেকে অতি ভারী বৃৃষ্টি।
আজ মঙ্গলবার (৭ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে সারাদেশের মত বরিশাল নগরীতেও টানা তিন দিন ধরে থেমে থেমে পড়ছে বৃষ্টি। বৃষ্টিতে যেমন চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন নানা পেশার মানুষ। তেমনই নগরীর সহ আশে পাশের নিম্নাঞ্চল গুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা।
ফলে কিছু এলাকার বাসিন্দারা পানিবন্দি হয়ে জীবন-যাপন করছে। বরিশালে গত তিন দিন ধরে দেখা গেছে, টানা বৃষ্টিপাতের কারণে নগরীর বটতলা, পলাশপুর, কবি জীবনানন্দ দাশ সড়ক, রসুলপুর, ভাটিখানা, কাউনিয়া, রূপাতলী হাউজিং, ধান গবেষণা রোড, বগুরা রোর্ড, বটতলা থেকে নবগ্রাম সড়ক সহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে রয়েছে। এছাড়া নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দারা গত ৩ দিন ধরে হয়ে আছেন পানিবন্দি।
ফলে চরম দুর্ভোগে দিন কাটছে তাদের। নগরীর রসুলপুর এলাকার বাসিন্দা কবির বলেন, গত তিন দিন ধরে নদীর পানি ঘরে উঠে আছে। এ কারণে স্ত্রী-সন্তান নিয়ে পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছি। রূপাতলীর বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় সড়ক। এলাকার বাসিন্দারা ঘর থেকে বের হতে পারছেন না।
এমন অবস্থা প্রত্যেক বর্ষার মৌসুমেই হচ্ছে। বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজাহারুল ইসলাম জানিয়েছেন, গত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বরিশালে।
তবে গতকাল সোমবার সকাল ৬ টা থেকে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত বরিশালে ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং মঙ্গলবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল স্বাভাবিক। গত তিন দিন ধরে চলমান এই বৃষ্টি আরও তিন দিন থাকতে পারে বলে জানান তিনি।








































