পদ্মায় ডুবে যাওয়া সেই বাসটির ফিটনেস সনদ ছিল মেয়াদোত্তীর্ণ
জুন ১৭ ২০২৬, ২০:০৮
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটির ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন এবং রুট পারমিট—সবগুলোরই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটির ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন এবং রুট পারমিট—সবগুলোরই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
বুধবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বিআরটিএ সূত্র জানায়, ঢাকা মেট্রো-১৫-৫৬৪৯ নম্বরের বাসটি গত ৫ জুন দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে ডুবে যায়। এ ঘটনায় চালক ও তার সহকারী আহত হন।
দুর্ঘটনার পর বিআরটিএ রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। বিআরটিএর তথ্যভাণ্ডার পর্যালোচনায় দেখা যায়, বাসটির ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ এবং রুট পারমিট—সবকটিরই মেয়াদোত্তীর্ণ ছিল। ঘটনার পর বাসটির নিবন্ধন ও চালকের প্রশিক্ষণ-সংক্রান্ত অনুমোদন স্থগিত করা হয়েছে।
এদিকে বাসডুবির ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে জানান, তদন্ত প্রতিবেদনে বিভিন্ন অনিয়ম ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয় উঠে এসেছে। প্রতিবেদনে ঘাট এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, পন্টুন ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট মেরিন বিভাগের কিছু ত্রুটি সংশোধন এবং নিরাপত্তা জোরদারে একাধিক সুপারিশ করা হয়েছে। বাসটির রুট পারমিট-সংক্রান্ত বিষয়ও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
পাংশা হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, বিভিন্ন ধরনের তদবির ও প্রভাবের কারণে স্থানীয় পর্যায়ে অনেক সময় বাসের রুট পারমিট ও ফিটনেস সনদ যথাযথভাবে যাচাই করা হয় না। তাঁর মতে, নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে এ ধরনের অনিয়ম অনেকাংশে রোধ করা সম্ভব।









































