প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাধারণ মানুষের কল্যাণ করবে সরকার: স্পিকার
মে ২৮ ২০২৬, ২২:১০
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এদেশের সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। বৃহস্পতিবার (২৮ মে) ভোলার লালমোহন ঈদগাহে ঈদুল আযহার নামাজ আদায় শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, এই মহান ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগের বার্তা নিয়ে এসেছে। অনেক ত্যাগ-তিতিক্ষার পর আমরা আজ গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে অর্থনৈতিক মুক্তি আরও কাছাকাছি আসবে।
তিনি আর বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার এ দেশের সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে এটাই কামনা করি। দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীরা, যার ফলে দেশে ভয়ের পরিবেশ কেটে গেছে। একটি গণতান্ত্রিক সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো বর্তমানে পরাশক্তির নির্যাতনের মুখে রয়েছে এবং মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।
ঈদের নামাজ শেষে তিনি নিজ নির্বাচনী এলাকার রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় লালমোহন উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।








































