বরিশালে ‘বানৌজা অদম্য’ ঘিরে উৎসবমুখর জনস্রোত

মার্চ ২৭ ২০২৬, ০০:৫৭

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ ‘বানৌজা অদম্য’ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলে কীর্তনখোলা নদীর তীরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করা জাহাজটি দেখতে শিশু থেকে শুরু করে তরুণ ও প্রাপ্তবয়স্কসহ সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

দর্শনার্থীরা জাহাজে উঠে নৌবাহিনীর আধুনিক অস্ত্র, সরঞ্জাম এবং প্রযুক্তি কাছ থেকে দেখার সুযোগ পান। নৌবাহিনীর সদস্যরা দর্শনার্থীদের জাহাজের বিভিন্ন কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন।

এই প্রসঙ্গে যুদ্ধজাহাজ ‘অদম্য’ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো:আরিফ হোসেন বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে নৌবাহিনীর কার্যক্রম ও সক্ষমতার সঙ্গে পরিচয় করাতে চাই। এটি নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি আমাদের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর অবদানের কথা জানার একটি সুযোগ। জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করতে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও যোগ করেন, দর্শনার্থীরা যুদ্ধজাহাজটি কাছ থেকে দেখলে দেশের প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে সরাসরি ধারণা পাবে এবং গর্ববোধ করবে। এটি তরুণদের মধ্যে দেশপ্রেম ও নৌবাহিনীর প্রতি শ্রদ্ধা জাগানোর একটি কার্যকর মাধ্যম।

জাহাজটি ঘণ্টায় প্রায় ২১ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম এবং এতে রয়েছে আধুনিক ও ভারী অস্ত্র। এর মধ্যে রয়েছে চারটি ৩৭ মিলিমিটার গান, একটি ২০ মিলিমিটার গান এবং একটি ১২ দশমিক ৭ মিলিমিটার গান। এছাড়া সেমি-অটোমেটিক রাইফেল, চায়না সাবমেশিন গান এবং লাইট মেশিন গানসহ বিভিন্ন ছোট অস্ত্রও প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।

পরিদর্শনে আসা দর্শনার্থী তানভীর আহমেদ বলেন, এত কাছ থেকে যুদ্ধজাহাজ ও এর অস্ত্রশস্ত্র দেখার সুযোগ সত্যিই অনন্য। আমাদের দেশের নৌবাহিনী যে এত আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে, তা দেখে গর্বিত লাগছে।

কলেজছাত্রী নুসরাত জাহান বলেন, যুদ্ধজাহাজ ঘিরে আমাদের মধ্যে দেশপ্রেম ও নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে নতুন ধারণা তৈরি হয়েছে। এ ধরনের আয়োজন তরুণদের জন্য খুবই প্রেরণামূলক।

দিনভর দর্শনার্থীদের উপস্থিতিতে কীর্তনখোলা নদীর তীর প্রাণবন্ত হয়ে ওঠে। স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি দেশের নৌ প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে জানার এই সুযোগ স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং তা তরুণ প্রজন্মের জন্য শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও