খাদ্য গুদামের চালের মান সন্তোষজনক, তদন্তের আশ্বাস ড. জিয়াউদ্দিন হায়দারের
আগস্ট ০৬ ২০২৬, ১৯:০৮
ঝালকাঠি : নিম্নমানের চাল সরবরাহের অভিযোগের পর ঝালকাঠির গ্রেড-১ এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) খাদ্য গুদাম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। পরিদর্শন শেষে তিনি জানান, গুদামে সংরক্ষিত চালের মান সন্তোষজনক। তবে অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শফি উদ্দিন আহম্মদ, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (এসএমও) আব্দুল্লাহ আল মামুন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার এবং জেলা যুবদলের আহ্বায়ক মো. শামিম আহমেদ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ পাওয়ার পর আমি সরেজমিনে দেখতে এসেছি। অভিযোগটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা নাকি ব্যবস্থাপনার কোনো ত্রুটির কারণে হয়েছে, তা খতিয়ে দেখা হবে। ব্যবস্থাগত সমস্যা থাকলে তা দ্রুত সংশোধনের উদ্যোগ নেওয়া হবে, আর দায়িত্বে অবহেলা বা অনিয়মের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দরিদ্র মানুষের জন্য বরাদ্দ খাদ্যশস্যের মান নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়, এমন কোনো ব্যর্থতা গ্রহণযোগ্য নয়। অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে, যাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অযথা ক্ষতিগ্রস্ত না হয়।
পরিদর্শন শেষে গুদামে সংরক্ষিত চাল পরীক্ষা করে তিনি সন্তোষ প্রকাশ করেন। বর্তমানে মজুত চালের মান ভালো উল্লেখ করে তিনি ভবিষ্যতেও যেন চালের মান বজায় থাকে এবং বিতরণ ব্যবস্থায় কোনো অনিয়ম না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দেন।







































