বরিশালে মোবাইল সার্ভিসিংয়ের নামে প্রতারণার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা।
আগস্ট ০৫ ২০২৬, ২৩:২৭
নিজস্ব প্রতিবেদক | জে. এস. সিদ্দিকী, বরিশাল
বরিশাল নগরীর গির্জা মহল্লার তাজ কমপ্লেক্সের ১২ নম্বর স্টলে অবস্থিত “সিফাত টেলিকম মোবাইল রিপেয়ার”-এর মহাজন সিফাতের বিরুদ্ধে এক গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে।
অভিযোগকারী জানান, গত ২০ জুলাই ২০২৬ ইং কাউনিয়া এলাকার বাসিন্দা সজিব তার ব্যবহৃত Samsung J7 মোবাইল ফোনটি মেরামতের জন্য দোকানটির মহাজন সিফাতের কাছে দেন। অভিযোগ অনুযায়ী, সিফাত প্রথমে জানান, ফোনটির মাদারবোর্ডে সমস্যা রয়েছে এবং তা মেরামত করতে ৭০০ টাকা খরচ হবে। এ কথা বলে ফোনটি দোকানে রেখে যেতে বলা হয়।
পরে সজিব পুনরায় দোকানে গেলে তাকে জানানো হয়, ফোনে আর কোনো সমস্যা নেই। কিন্তু বাসায় গিয়ে তিনি দেখতে পান, মোবাইলের ডিসপ্লে সম্পূর্ণ অকার্যকর হয়ে গেছে। এরপর আবার দোকানে গেলে সিফাত জানান, এবার ডিসপ্লে ও টাচে সমস্যা রয়েছে। অভিযোগ অনুযায়ী, এভাবে তাকে ৫ থেকে ৮ বার দোকানে আসা-যাওয়া করানো হয় এবং প্রতিবারই নতুন নতুন ত্রুটির কথা বলে অতিরিক্ত অর্থ ব্যয়ের কথা জানানো হয়।
সর্বশেষ সিফাত তাকে জানান, টাচ পরিবর্তন করতে হলে আরও ৩৫০ টাকা দিতে হবে। এতে ভুক্তভোগীর সন্দেহ হয়, ইচ্ছাকৃতভাবে তাকে হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে।
ভুক্তভোগীর অভিযোগ, এভাবে সাধারণ গ্রাহকদের বিভ্রান্ত করে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে এবং অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন।
এ বিষয়ে ভুক্তভোগী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,
“আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কোনো সাধারণ মানুষ এ ধরনের প্রতারণার শিকার না হন।”







































