ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার
জুন ০৯ ২০২৬, ১৫:৪৬
বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে সাপ দুটি উদ্ধার করা হয়।
গত রবিবার বরিশাল নগরীর কাশিপুর এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয়ে ডিআইজির কক্ষে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে সেগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার বিকেলে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানিয়েছেন, প্রথমে সাপের সন্ধানে কক্ষের সিলিং ডেকোরেশার খুলা হয়। সেখানে সাপ না পাওয়ায় দেয়ালের একটি অংশ ভাঙে দেয়ালের ফাঁকে লুকিয়ে থাকা এক জোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়।
উদ্ধার শেষে সাপ দুটি বন বিভাগের বরিশাল সদর কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সাপ দুটি বন বিভাগের হেফাজতে রয়েছে। বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের জানান, কার্যালয়ের চারপাশে ঝোপঝাড় থাকায় সেখান থেকেই সাপ দুটি ভবনের ভেতরে প্রবেশ করতে পারে।









































