বরিশালে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৪
মে ১৭ ২০২৬, ০০:০৪
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার বিশেষ অভিযানে ২৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কাউনিয়া থানাধীন পলাশপুর মোহাম্মদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কাউনিয়া থানার এসআই মোঃ সাইফুল্লাহ’র নেতৃত্বাধীন একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযুক্ত মোঃ নুরু মিয়া ওরফে রুহুল আমিন (৩০), মোসাঃ সোহাগী (২৭), মোসাঃ কমলা বেগম (৪১) এবং মোসাঃ জুঁই আক্তার ওরফে জুলি (২৭)-কে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে নুরু মিয়ার বাড়ি কাউনিয়া থানার জামাইগলি এলাকায় এবং অপর তিনজনের বাড়ি বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
অভিযানকালে তাদের হেফাজত থেকে সর্বমোট ২৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কাউনিয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।








































