বরিশাল নগরীর কাউনিয়া মড়কখোলার পুল সংলগ্ন বাঁশের হাট স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি করপোরেশন। শুক্রবার (২৭ মার্চ) রাতে হাট পরিদর্শন শেষে সিটি করপোরেশনের প্রশাসক (দায়িত্বপ্রাপ্ত মেয়র) বিলকিস আক্তার জাহান শিরীন এ সিদ্ধান্তের কথা জানান।
নগরবাসীর প্রত্যাশা, এ সিদ্ধান্ত কার্যকরে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিলে দীর্ঘদিনের যানজট ও ভোগান্তির অবসান হবে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাউনিয়া এলাকায় ইজারার মাধ্যমে বাঁশের হাটটি পরিচালিত হয়ে আসছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আশপাশে জনবসতি বেড়ে যাওয়ায় হাটে বাঁশ কেনাবেচার সময় মূল সড়ক ব্যবহার করা হয়। এতে প্রায়ই যানজট সৃষ্টি হয় এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে। এমনকি সড়কে দুর্ঘটনার ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাতে হাট এলাকা পরিদর্শন করেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি পরিস্থিতির বাস্তব চিত্র দেখে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন এবং জনদুর্ভোগ কমাতে হাটটি অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেন।
সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবির মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি হাট স্থানান্তরের আগ পর্যন্ত সম্প্রতি আহ্বান করা ইজারা কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন প্রশাসক।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার এবং বাজার ও স্টল শাখার পরিদর্শক রেজাউল করিম।








































