আগৈলঝাড়ায় কর্মচারীকে নির্যাতনের মামলায় মালিক গ্রেফতার
মার্চ ০১ ২০২৬, ১৫:২০
আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন কারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ঘের মালিক শেখর বসুকে গতকাল রোববার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের মৃত নরেন বসুর ছেলে শেখর বসু তার মাছের ঘেরের কর্মচারী নারায়ন হালদারকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগে থানায় মামলা দায়ের করে।
পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাকাল ইউনিয়নে কদমবাড়ি তার নিজ মাছের ঘের থেকে শনিবার রাতে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার করে। নির্যাতনের শিকার নারায়ন হালদার তার মামলায় উল্লেখ করেন ঘের মালিক শেখর বসুকে মাদকের সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। শেখর বসু জেল বের হয়ে আমাকে সন্দেহ করে তার ঘের পাড়ের ঘরে আটক করে রশি দিয়ে বেঁেধ মারধর করে মাথার চুল কেটে দেয়। এসময় আমি অসুস্থ হয়ে পরি, পানি খেতে চাইলে ঘের মালিক শেখর বসু আমার মুখে প্রস্রাব করে দেন। মোবাইল, টাকা, টর্চলাইট রেখে শেখর বসু তার মায়ের কথায় আমাকে ছেড়ে দেয়। গুরুতর অবস্থায় আমি এখনো আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছি। এ বিষয়ে আমি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছি।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি(তদন্ত) সুশংকর মল্লিক বলেন, শেখর বসুর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গতকাল রোববার আদালতে প্রেরন করেছি।








































