আদালত বর্জন কর্মসূচি স্থগিত ॥ আজ থেকে চলবে কার্যক্রম
মার্চ ০১ ২০২৬, ০২:২১
নিজস্ব প্রতিবেদক ॥ আজ রোববার থেকে বরিশাল আদালতের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিয়াজুল কবির। তিনি জানান, বিচার প্রার্থীদের চিন্তা করে আদালতের কার্যক্রম শুরু হচ্ছে আজ।
সমঝোতার পথে এগোচ্ছে বরিশাল আদালতে বিচারক এবং আইনজীবীদের মধ্যকার বিরোধ। এ কারণে আদালত বর্জন কর্মসূচি স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ রবিবার সকাল থেকে আইনজীবীরা আদালতে নিয়মিত বিচার কার্যক্রমে অংশ নেবেন।
বরিশাল জেলা আইনজীবী সমিতির প্যাডে সম্পাদক মির্জা মো. রিয়াজ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিচারপ্রার্থী জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আগামী ১ মার্চ থেকে পূর্বঘোষিত আদালত বর্জনের কার্যক্রম স্থগিত করা হলো। তাই বরিশাল জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ সদস্যদের আদালতের কার্যক্রমে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
অপরদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিটের আহ্বায়ক মো. নাজিম উদ্দিন আহমেদ পান্না ও সদস্যসচিব আবুল কালাম আজাদ ইমন স্বাক্ষরিত আরও একটি নোটিশে আদালত বর্জন কর্মসূচি স্থগিতের একই বিষয় উল্লেখ করা হয়।
বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি হাফিজ আহমেদ বাবলু বলেন, আদালত এবং আইনজীবীদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে, তা আলোচনার মাধ্যমে মীমাংসা হয়েছে।
যদিও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিটের সদস্যসচিব আবুল কালাম আজাদ ইমন বলেন, আমরা উভয়পক্ষ একটি সমঝোতার দিকে এগোচ্ছি। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেই সমঝোতা চূড়ান্ত করতেই আদালত বর্জন কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
এদিকে, বিচারক এবং বিএনপিপন্থী আইনজীবীদের বিরোধ মীমাংসার দিকে এগোলেও আদালতের এজলাসে হামলা-ভাঙচুরের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীপন্থী আইনজীবীরা।
আওয়ামী আইনজীবী পরিষদের ৪৯ জন আইনজীবী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম সাদেকুর রহমান লিংকনের একক সিদ্ধান্তে কোর্ট বর্জন, সঙ্গে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চলাকালে বিজ্ঞ বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং আদালতের আসবাবপত্র ভাঙচুর করার তীব্র প্রতিবাদ করছি। পাশাপাশি আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এসএম সাদেকুর রহমান লিংকন, সাধারণ আইনজীবীদের মতামত উপেক্ষা করে আইনজীবী সমিতির নামে আদালত বর্জনের সিদ্ধান্তে আইনজীবীগণ একমত নয় বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে, ২০১৭ সালে হত্যাচেষ্টা এবং অঙ্গহানির ঘটনায় ২০২৪ সালের নভেম্বরে দায়ের করা একটি মামলায় গত ২৩ ফেব্রুয়ারি বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। এ নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি জামিন দেওয়ার প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বর্জন করেন তারা।
এ সময় বিচার কার্যক্রম চলাকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করে বিচারকাজে বাধা, এজলাস এবং চেয়ার-টেবিল ভাঙচুর ও বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম সাদেকুর রহমান লিংকনসহ বিএনপিপন্থী আইনজীবীরা।
এ ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদক এবং পিপি-এপিপিসহ মোট ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন ওই আদালতের বেঞ্চ সহকারী। ওই মামলায় ২৫ ফেব্রুয়ারি আইনজীবী সমিতির সভাপতি লিংকনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে ২৬ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন কর্মসূচি পালন করেন বিএনপিপন্থী আইনজীবীরা।









































