উজিরপুরে ভাতিজার ধাক্কায় প্রাণ হারালেন চাচা
ফেব্রুয়ারি ২৮ ২০২৬, ২৩:৪৬
নিজস্ব প্রতিবেদক ॥ ছাগলে মিষ্টি কুমড়ার গাছ খাওয়া নিয়ে শুরু হয় পারিবারিক ঝগড়া। সেই তর্কের একপর্যায়ে ভাতিজার ধাক্কায় পড়ে গিয়ে প্রাণ হারালেন চাচা। শনিবার বিকেলে এ ঘটনা ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার চাউলাহার গ্রামে।
নিহত সেকেন্দার হোসেন হাওলাদার (৬০) ওই গ্রামের বাসিন্দা আব্দুল মোতাহার হাওলাদারের ছেলে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. রকিবুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, সেকেন্দার হোসেনের লাগানো মিষ্টি কুমড়ার গাছ তার বড় ভাই মোশারেফ হোসেন হাওলাদারের ছাগল খেয়ে ফেলে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে মোশারেফ হোসেনের ছেলে আকতার হোসেন সেখানে এসে চাচা সেকেন্দার হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।









































