দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মেহেন্দিগঞ্জে

প্রতিমন্ত্রী রাজিব আহসানের উদ্যোগে সুলভ মূল্যে অস্থায়ী বাজার চালু

ফেব্রুয়ারি ২৩ ২০২৬, ২১:৩৭

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ ॥ রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় অস্থায়ী বাজার চালু করেছেন সড়ক, রেল ও নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজিব আহসান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মেহেন্দিগঞ্জ পাতারহাট বন্দরের উত্তর বাজার (পুরোনো টোলঘরে) অস্থায়ী বাজার চালু করা হয়েছে। এই বাজারে ৩০ রমজান পর্যন্ত ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হবে। বাজারের তত্ত্বাবধানে রয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

অস্থায়ী বাজারে স্বল্পমূল্যে বিক্রি করা হচ্ছে শাকসবজি, ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। এই বাজার থেকে কম দামে পণ্য ক্রয় করতে পারছেন ক্রেতারা। ফলে স্বস্তি ফিরে এসেছে এখানকার সাধারণ মানুষের মধ্যে। অস্থায়ী এই বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকা, রসুন বিক্রি করা হচ্ছে ১২০ টাকা কেজি, ছোলা ৮০ টাকা, লেবু ৩৫ টাকা হালি, শসা ৪৫ টাকা, আলু ১২ টাকা, গাজর ৩০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা দরে।

ইফতারসামগ্রীর মধ্যে খেজুর বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকা কেজি, মাল্টা ৩০০, আপেল ৩০০ টাকা, কমলা ৩০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।

প্রতিমন্ত্রী রাজিব আহসানের এমন উদ্যোগ সাধারণ মানুষের চাহিদা পূরণের পাশাপাশি ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। অস্থায়ী বাজারে স্বল্পমূল্যে এসব দ্রব্য বিক্রি করায় ইতোমধ্যে বাজারে কমতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ফলে সন্তুষ্ট ক্রেতারা।

ন্যায্যমূল্যের এই বাজার মনিটরিংয়ের দায়িত্বে থাকা মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রেতাদের নাগালের মধ্যে রাখার পাশাপাশি ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙার লক্ষ্যে প্রতিমন্ত্রী রাজিব আহসান তার নিজ উদ্যোগে ন্যায্যমূল্যের এই বাজার কার্যক্রম চালু করেছেন, যা শেষ রমজান অবধি চলমান থাকবে। ইতোমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি ৬০০-৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১৫০ টাকা কেজিতে মুরগির মাংস বিক্রি করার। হয়তো দু-একদিনের মধ্যেই তা বাস্তবায়ন হবে।

মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন বলেন, একটি মহল সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল করে তোলায় প্রতিমন্ত্রী রাজিব আহসান দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। সুলভ মূল্যের এই বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয় ক্রেতারা জানান, একদিন আগে যেখানে শসা বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে, আজ প্রতিমন্ত্রীর উদ্যোগে তা মাত্র ৪৫ টাকায় কিনতে পারছেন।

এছাড়া বিভিন্ন ফল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারের চেয়ে অনেক কম মূল্যে পাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এই মানবিক উদ্যোগের জন্য তারা প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় ন্যায্য মূল্যের বাজার মনিটরিং করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা। এছাড়া পৌর বিএনপি, বরিশাল উত্তর জেলা যুবদল ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও