বরিশালে একদিনে দুই খুন
ফেব্রুয়ারি ২০ ২০২৬, ০০:৫৪
বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে যুবককে কুপিয়ে হত্যা ও মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ধর্মগঞ্জ গ্রামে হাতুড়িপেটা করে কৃষককে হত্যা করা হয়েছে। তবে গত ২৪ ঘটনায় পৃথক ভাবে দুই স্থানে দুইটি খুনের ঘটনা ঘটেছে। তারাবি নামাজ পড়তে যাওয়ার পথে হাতুড়িপেটা করে মোস্তফা কামাল নামে এক কৃষককে হত্যা করা হয়েছে।
নিহত মোস্তফা কামাল (৪৫) মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। গতকাল বৃহষ্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার ওসি মো. নবীউল হাসান জানান, হত্যাকাণ্ডের পর পাঁচজনকে গ্রেপ্তার করে বৃহষ্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বুধবার দিবাগত গভীর রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা কামালের মৃত্যু হয়েছে। নিহতের স্ত্রী আঁখি বেগম জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে নিহত মোস্তফা কামালের সাথে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান, শাহাবুদ্দিন হাওলাদার ও নাসির হাওলাদারদের বিরোধ চলে আসছিল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে তারাবি নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাজারের মসজিদের উদ্দেশে যাচ্ছিলেন মোস্তফা কামাল। এসময় মাঠে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা করে। একপর্যায় হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা এবং হাতসহ তার শরীরের বিভিন্ন অংশ ভেঙে দেয়। মুমূর্ষু অবস্থায় রাতেই মোস্তফা কামালকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রাত একটার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
কাজিরহাট থানার ওসি মো. নবীউল হাসান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ১৪ জনকে নামধারী এবং সাতজন অজ্ঞাতসহ মোট ২১ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী আঁখি বেগম। মামলা নং ১১। ওই মামলার এজাহারভুক্ত আসামি নান্নু রাঢ়ী, কাশেম রাঢ়ী, জসিম খান, মিন্টু হাওলাদার ও সিয়াম হাওলাদারকে ঘটনার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকান্ডের সাথে জড়িত থাকা প্রধান আসামি কিলার সিদ্দিককে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।
অন্যদিকে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে দেলোয়ার হোসেন (৬০) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ১৮ ফেব্রুয়ারি রাত আটটার দিকে সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের বৌষেরহাট মাঝ গ্রাম এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন ইউনিয়নের বৌষেরহাট গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে ও ওই বাজারের ইজারাদার।
বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে মাঝ গ্রাম এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিমানবন্দর থানা পুলিশ। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহমান। তিনি বলেন, দেলোয়ার হোসেন নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করা যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও বলেন, নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায় দেলোয়ার হোসেনের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো তার চাচাতো ভাইদের। তাদের দাবি ওই বিরোধকে কেন্দ্র করে হত্যা করা হয় দেলোয়ারকে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করবে নিহত দেলোয়ার হোসেনের স্বজনরা।









































