ভাসানচরে জামায়াতের ক্লাব উদ্বোধন কালে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াতকে একবার সুযোগ দিন: মাওলানা আব্দুল জব্বার
জানুয়ারি ১৪ ২০২৬, ১৮:৩৪
মোঃ জুনায়েত হোসেন, কাজিরহাট :বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা ভাষানচর ইউনিয়নের ব্রিজ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্মিত ক্লাব উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ক্লাবের শুভ উদ্বোধন করেন বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজীরহাট) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বর্তমান দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “বর্তমান বাংলাদেশ দুর্নীতির চরম শিখরে পৌঁছেছে। এটি এখন একটি পচা সমাজের রূপ নিয়েছে যেখানে ভালো কোনো কাজ সহজেই হতে চায় না। সমাজটা যেন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।”
দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি একটি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা বড় দলগুলোকে তিনবার করে ক্ষমতায় দেখেছন, কিন্তু তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারেনি। আমি অনুরোধ করছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একবার সুযোগ দিয়ে দেখুন। আমাদের একবার দায়িত্ব দিন, আমরা দেখিয়ে দেব কীভাবে সুন্দর এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে হয়।”
যুবসমাজের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, “বর্তমান সমাজে মদ, গাঁজা, জুয়া আর সিগারেটের মতো মরণনেশা প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এই পচনশীল সমাজ ব্যবস্থা থেকে উত্তরণের জন্য একমাত্র ইসলামী আদর্শের প্রতিফলন প্রয়োজন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং লতা কাজীরহাট থানা জামায়াতের আমীর মাওলানা মো. আবুল হোসাইন। এছাড়াও স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ এলাকাবাসী উক্ত উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা সমাজ সংস্কার ও ইনসাফ কায়েমের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।








































