খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে ছাত্রদলের দোয়া মাহফিল
জানুয়ারি ০২ ২০২৬, ১৯:২৯
বরিশাল ॥ গণতন্ত্রের আপোষহীন দেশনেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারী) বিকেলে বরিশাল নগরীর সদর অশ্বিনী কুমার হল চত্বরে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে সাবেক দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠুর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি চেয়ারপারর্সন উপদেষ্টা, সাবেক হুইপ ও বরিশাল সদর-৫ আসনের ধানের শীষের প্রার্থী এ্যাড.মজিবুর রহমান সরোয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক হুমায়ন কবির সহ হাজারো নেতাকর্মী।
এ সময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য নাম। তার নেতৃত্বে দেশের গণতন্ত্র বহু সংকটের মধ্যেও পথ খুঁজে পেয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, খালেদা জিয়াকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত খবর দেশজুড়ে এক অজানা রাজনৈতিক সংকট ও উদ্বেগের জন্ম দিয়েছে। কারণ তিনি শুধু একটি দলের নয়, বরং দেশের গণতান্ত্রিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।








































