কাজিরহাটে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত
ডিসেম্বর ১৯ ২০২৫, ২০:১৮
জুনায়েত হোসেন কাজিরহাট প্রতিনিধি ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার অন্তর্গত আসলি সন্তোষপুর ৫ নং ওয়ার্ডের নুরুল ইসলাম খানের বাড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বক্তারা দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীরহাট থানার জামায়াতের আমীর মাওঃ মোঃ আবুল হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা বাংলাদেশের মহান সংসদ ভবনকে একটি ‘ইসলামিক সংসদ ভবন’ হিসেবে দেখতে চাই। বর্তমানে দেশ সুদ, ঘুষ, মাদক, দুর্নীতি এবং অশ্লীলতায় ছেয়ে গেছে। এই অবক্ষয় থেকে মুক্তি পেতে এবং একটি সমৃদ্ধ ইসলামী বাংলাদেশ গড়তে হলে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।”
তিনি আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, “এবারের নির্বাচন হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবেন, এতে কোনো বাধা থাকবে না। তবে কেউ যদি ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আমাদের হযরত ওমর (রা.)-এর মতো সাহসী হতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে।”
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজিরহাট থানা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিন। তিনি বলেন, “জামায়াতে ইসলামী কখনো মানুষের ক্ষতি করে না, বরং আমরা সবসময় জনগণের উপকার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতীতেও আমরা মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।” তিনি আরও বলেন, “আপনারা আমাদের সেবা করার একটি সুযোগ দিন। আপনাদের একটি মূল্যবান ভোটই হতে পারে বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি।”
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মাওলানা ওহিদুল ইসলাম। তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতির সাথে কোনো আপস করে না। রাষ্ট্রীয় সম্পদ বা সরকার থেকে যা কিছু আসে, তা আমানত হিসেবে জনগণের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা সমাজে ইনসাফ বা ন্যায়বিচার কায়েম করতে চাই।
“পরিশেষে, সভাপতি উপস্থিত সকল নেতাকর্মী ও সাধারণ মানুষকে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান। এছাড়া কাজীরহাট থানার স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দও সভায় তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।








































