প্রবীণদের অভিজ্ঞতা ও মূল্যবোধ আমাদের অমূল্য সম্পদ -জেলা প্রশাসক

ডিসেম্বর ১৭ ২০২৫, ২০:৩১

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন বলেছেন, প্রবীণদের অভিজ্ঞতা ও মূল্যবোধ আমাদের অমূল্য সম্পদ। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, ত্যাগ ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে নতুন প্রজন্ম তাদের জীবনকে সঠিকপথে এগিয়ে নিতে পারে।

বুধবার (১৭ ডিসেম্বর) জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা কমপ্লেক্স ভবনে ‘প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তরের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি বলেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের সামাজিক ও পারিবারিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এসেছে।

আধুনিক যুগে মানুষ একান্নবর্তী পরিবারের চেয়ে একক পরিবারের দিকে বেশি ঝুঁকছে। শহুরে জীবন আর পেশাগত ব্যস্ততার দোহাই দিয়ে আমরা পরিবারের প্রবীণদের আলাদা করে ফেলছি, যারা সারাজীবন পরিবারকে এক সুতোয় গেঁথে রেখেছিলেন। তিনি আরও বলেন, প্রবীণরা সমাজের বোঝা নয়, তাঁরা আমাদের সম্পদ। প্রবীণদের সম্মান করা মানেই নিজেদের ভবিষ্যৎকে সম্মান করা। তাঁদের অবদানকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এসময় প্রধান অতিথি প্রবীণদের জীবনকে সুখময় করতে তাদের জন্য অধিকার সুরক্ষা, ডে-কেয়ার, প্রবীণ নিবাস স্থাপনসহ আয়বর্ধক কাজের সুযোগ তৈরি করতে সবার প্রতি আহবান জানান। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহপার পারভীন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ,কে,এম আখতারুজ্জামান তালুকদার বক্তৃতা করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন কলেজের অধ্যাপক, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও