বরিশালের একদিন, মুক্তিযুদ্ধের বহুদিন
ডিসেম্বর ১৬ ২০২৫, ২০:২৫
প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান সরোয়ার।
প্রদর্শনীতে রয়েছে চারটি বন্দুক, নৌ কমান্ডোদের ব্যবহৃত কস্টিউম, মুক্তিযুদ্ধের পর বরিশালে নির্মিত প্রথম ভাস্কর্য ‘বিজয় বিহঙ্গ’ এর নকশা। পাশাপাশি মুক্তিযুদ্ধকালীন বরিশাল থেকে প্রকাশিত পত্রিকা বিপ্লবী বাংলাদেশ ও শান্তি কমিটির একটি চিঠিও রাখা হয়েছে। ইতিহাসের দুই বিপরীত মুখ যেন পাশাপাশি দাঁড়িয়ে।
মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থিরচিত্রের পাশে দাঁড়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা। কেউ মোবাইলে ছবি তোলে, কেউ নীরবে দেখে। প্রশ্ন করে, শোনে, শেখে। বেশকিছু শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত জিনিসপত্র নিয়ে ছবি তুলতে দেখা যায়।
আয়োজনে উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিচুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বিজয় দিবস উদযাপন পর্ষদের আহ্বায়ক সুশান্ত ঘোষ, সদস্যসচিব রবিউল ইসলামসহ সংগঠনের নেতারা।
দিন শেষে বোঝা যায়, এটি শুধু প্রদর্শনী নয়। এটি এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের সেতুবন্ধন। বরিশালের এই একদিনে মুক্তিযুদ্ধ যেন আবার হাঁটছিল সদর রোডের ভেতর দিয়ে। ইতিহাস বইয়ের পাতা ছেড়ে নেমে এসেছিল মানুষের চোখের সামনে।









































