তিন নারীর হাতে সেলাই মেশিন, নতুন স্বপ্নের হাতছানি

অক্টোবর ২৩ ২০২৬, ২১:৩৮

বরিশাল : দিনভর অন্যের ঘর পরিষ্কার করে যিনি জীবিকা নির্বাহ করেন, তাঁর নিজের ঘরেই কাটে অভাবের নীরব লড়াই। রাতের নির্জনতায় তাঁকেও তাড়া করে ফেরে হাজারো দুশ্চিন্তা। সন্তানের বই কিনবেন, নাকি অসুস্থতার ওষুধ—এমন কঠিন হিসাব মেলাতেই কেটে যায় তাঁর অনেক রাত। একই বাস্তবতার মুখোমুখি আরও দুই গৃহিণী। অভাবের সংসারে তাঁদের স্বপ্নগুলোও যেন বারবার থমকে দাঁড়ায় অর্থসংকটের কাছে।

তিন নারীরই সেলাইয়ের কাজ জানা। ইচ্ছা ছিল, নিজের হাতে উপার্জন করে সংসারের অভাব কিছুটা দূর করবেন, সন্তানদের মুখে হাসি ফোটাবেন। কিন্তু সামান্য আয়ের এই পরিবারগুলোর পক্ষে একটি করে সেলাই মেশিন কেনার সামর্থ্যও ছিল না। দক্ষতা ও কাজের আগ্রহ থাকা সত্ত্বেও শুধু প্রয়োজনীয় উপকরণের অভাবে তাঁদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন আটকে ছিল।

তাঁদের দুর্দশা ও অসহায়ত্বের কথা শুনে মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তাঁদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই স্কুলজীবনের এক প্রিয় প্রবাসী বন্ধুর সঙ্গে বিষয়টি ভাগ করে নেওয়া হয়। বন্ধুটির আন্তরিক সহযোগিতায় অবশেষে তিন নারীর হাতে তুলে দেওয়া হয় তিনটি সেলাই মেশিন।

সেলাই মেশিন হাতে পেয়ে তাঁদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। এই হাসি কেবল একটি উপহার পাওয়ার আনন্দ নয়; বরং নিজের শ্রমে আয় করার, পরিবারের পাশে দাঁড়ানোর এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে স্বপ্ন দেখার প্রত্যাশা।

তিনটি সেলাই মেশিন হয়তো একদিনে তাঁদের সব অভাব ঘুচিয়ে দেবে না। তবে এটি তাঁদের সামনে উপার্জনের একটি সম্ভাবনাময় পথ খুলে দিতে পারে। প্রয়োজন শুধু সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা, আর সমাজের সহমর্মী মানুষের অব্যাহত সহযোগিতা।

এই তিন নারীর মুখে হাসি ফোটাতে আন্তরিকভাবে পাশে দাঁড়ানো প্রবাসী বন্ধুটির প্রতি রইল গভীর কৃতজ্ঞতা। মানুষের জন্য মানুষের ভালোবাসা ও সহযোগিতাই যে নতুন আশার আলো জ্বালাতে পারে, এই উদ্যোগ তারই একটি ছোট্ট উদাহরণ।

বরিশাল
২১ অক্টোবর ২০২৬

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া