বরিশালে অপসো স্যালাইনে চাকরিচ্যুত শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

নভেম্বর ০২ ২০২৫, ১৬:১১

বরিশাল  ॥ বরিশাল নগরীর বগুড়া রোডে অবস্থিত অপসো স্যালাইন লিমিটেডের পাঁচ শতাধিক শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে পঞ্চম দিনের মত আজও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে শ্রমিকরা।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে কারখানাটির মুল ফটকের সামনে এই কর্মসূচি শুরু হয়।

কারখানাটিতে প্রথমবারের মত শ্রমিক সংগঠনের আত্মপ্রকাশের মাত্র এক মাসের মাথায় শ্রমিক ছাটাইয়ের এই সিদ্ধান্ত নিলো প্রতিষ্ঠানটি। ধারনা করা হচ্ছে বেতন বৃদ্ধিসহ আনুসাঙ্গিক ঝামেলা এড়াতেই এ ছাটাইয়ের সিদ্ধান্ত হতে পারে। এমনটাই মনে করছেন চাকুরিচ্যুত অনেক শ্রমিক।

জানা যায়, গত ২৭ অক্টোবর কাজ শেষ করার পর বরিশালে অবস্থিত অপসো স্যালাইন লিমিটেডের স্ট্রেরি প্যাক বিভাগের শ্রমিকদের জানানো হয় ২৮ অক্টোবর থেকে চার দিনের জন্য কারখানা সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে।

১ নভেম্বর থেকে সবাইকে কাজে যোগদানের নির্দেশ দেয়া হয়। কিন্তু পরের দিন স্ট্রেরি প্যাাক বিভাগের ৫৭০ জন নারী ও পুরুষ শ্রমিককে চাকরি থেকে অব্যাহতির নোটিশ পাঠানো হয়। অন্যদিকে নতুন করে আবার ১২’শ শ্রমিক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে অপসোনিন কর্তৃপক্ষ। এ ঘটনায় শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের সাথে দেখা করতে চাইলে কেউ দেখা করেননি। এর প্রতিবাদে শ্রমিকরা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে কারখানার বগুড়া রোডস্থ ভবনের সামনে বিক্ষোভ শুরু করে।

তবে শ্রমিকদের দাবি না মানায় পঞ্চম দিনের মত আজ রোববারও সড়ক অবরোধ ও বিক্ষোভ অব্যাহিত ছিলো।

বিক্ষোভকারীরা জানান, মালিকের সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না তারা। এদিকে শ্রমিক বিক্ষোভে বন্ধ রয়েছে অপসোনিন ফার্মার স্যালাইন সেট ও সিরিঞ্জ উৎপাদন। চাকরিচ্যুতর বিষয়টি কর্তৃপক্ষ স্পষ্ট করে না জানালেও আন্দোলনকারী অনেক শ্রমিক জানান গত প্রায় এক মাস আগে প্রথমবারের মত গঠিত হয় অপসোনিন ফার্মা লিমিটেড শ্রমিক ইউনিয়ন। যার রেজিস্ট্রেশন বরিশাল-৭১। এটি গঠনের পরই কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের দুরত্ব তৈরী হয়। ধারনা করা হচ্ছে বেতন ভাতা বৃদ্ধি সহ নানা বিষয় ফার্মা কর্তৃপক্ষ শ্রমিক ইউনিয়নের মুখোমুখি হতে পারে। তাই ঝামেলা এড়াতে উৎপাদন বন্ধের নামে ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষ।
অপসো স্যালাইন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রাকিব মিয়া বলেন, সিরিঞ্জ ও স্যালাইন শাখার সব শ্রমিককে গত মঙ্গলবার থেকে চার দিনের মৌখিক ছুটি দেওয়া হয়। বৃহস্পতিবার শ্রমিকের বাড়িতে ডাকযোগে চাকরিচ্যুতির নোটিশ পৌঁছায়।

এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিকেলে কারখানায় জড়ো হয়ে বিক্ষোভ করেন। কারখানার স্যালাইন প্রস্তুতকরণ শাখার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন। দুই শাখার শ্রমিকরা বৃহস্পতিবার কর্মবিরতি শুরু করেছেন।

তিনি আরো বলেন, অনেক শ্রমিক আছেন ৩০ বছরের বেশি সময় ধরে চাকরি করছেন। এর মধ্যে অনেকের দুই এক বছর আগেও চাকুরী স্থায়ীকরণ হয়েছে। অথচ শ্রম আইন না মেনে তাদের চাকরিচ্যুত করা হয়। মালিকপক্ষসহ স্থানীয় প্রশাসনে ইউনিয়নের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। সৃষ্ট সমস্যা সমাধানে মালিকপক্ষকে ইউনিয়নের সঙ্গে বসতে হবে। অন্যথায় শ্রমিকরা কাজে যোগ দেবেন না।

এ বিষয়ে জানতে অপসো স্যালাইনের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

 

 

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও