পটুয়াখালীতে স্কুলের ৫ টন লোহা খেয়ে ফেলল সভাপতির ছেলে!
নভেম্বর ২৯ ২০২২, ১৬:৪৭
????????????????????????
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে দক্ষিণ ভরিপাশা মুন্সী হাচান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির ছেলের বিরুদ্ধে বিদ্যালয়ের পরিত্যক্ত প্রায় ৫ টন লোহার চেয়ার ও বেঞ্চ চুরি করার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ঘটনার দিন রাত ৯টার দিকে দক্ষিণ ভরিপাশা মুন্সী হাছান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মঞ্জুরুল ইসলামের (তৈয়ব মাস্টার) ছেলে মো. নাহিদ (২০) বিদ্যালয়ের প্রায় ৫ টন লোহার বেঞ্চ চুরি করে এবং ওই মালামাল কেশবপুরের ভূঁইয়ার বাজারে শানু ফকিরের ভাঙ্গারি দোকানে বিক্রি করে।
চুরির মালামাল কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের গোলাম হোসেন পোল নামক এক স্থানের পুকুরে ডুবিয়ে রাখা হয়। পরে বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে হট্টগোল শুরু হয় এলাকাজুড়ে।
চোরাইমাল বহনকারী টমটমচালক কবির সিকদার বলেন, স্কুলের চেয়ার ও বেঞ্চ ভূঁইয়ার বাজারের ভাঙ্গারি দোকানদার শানু কিনে রাখে। এদিকে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, এটা তুচ্ছ একটা বিষয়।
আমার ছেলে ভুলবশত এমন কাজ করে ফেলেছে। মালামাল ফেরত দেওয়া হয়েছে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, এখনও মাল ফেরত পাইনি।
আ/ মাহাদী









































