বরিশালে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে অবরুদ্ধ করে বিক্ষোভ
জুন ১৭ ২০২৫, ১৯:৪০
নিজস্ব প্রতিবেদক ॥ এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বরিশালে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ঘন্টাব্যাপী অবরোধের মুখে পড়েন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুছ আলী সিদ্দিকী। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে নগরীর নথুল্লাবাদে শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা তার গাড়ি আটকে রেখে অবরোধ ও বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা পেছানোর দাবিতে সকাল থেকেই শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। দুপুরে চেয়ারম্যান অধ্যাপক ইউনুছ আলী সিদ্দিকী গাড়িতে বোর্ড ভবন ত্যাগের চেষ্টা করলে শিক্ষার্থীরা তার চারদিক ঘিরে ফেলেন এবং গাড়ি আটকে দিয়ে তার কাছে দাবি আদায়ের জোর তৎপরতা চালান।
এক পর্যায়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন চেয়ারম্যান। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “এইচএসসি পরীক্ষার বিষয়টি নিয়ে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা চলছে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরেও স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় না নিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা অমানবিক। তারা দাবি করেন, আগামী ২৬ জুনের পরীক্ষা কমপক্ষে দুই মাস পেছাতে হবে।
তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে এমসিকিউ ও সৃজনশীল অংশে যৌক্তিকভাবে পাস নম্বর নির্ধারণ করে মূল্যায়ন, এবং ২০২৭ সালের কারিকুলাম কার্যকর হওয়ার আগেই ২০২৫ সালের শিক্ষার্থীদের ওপর নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে আগের নিয়মে পরীক্ষা গ্রহণ করা। আন্দোলনকারী শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি না মানা হলে তারা পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।









































