দুই বসতঘরে আগুন দিলো মাদক সেবী
জুন ০৪ ২০২৫, ১৮:০১
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ মাদক সেবনের টাকা জোগাড় করতে না পারায় পরিবারের লোকজনের সাথে বিরোধ হওয়ায় নিজের ও তার ভাইয়ের বসতঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় জানিয়েছেন, ওই গ্রামের মৃত আদম তালুকদারের ছেলে সাহাজুল তালুকদার দীর্ঘদিন যাবত মাদকে আসক্ত। মাদক সেবনের টাকা জোগাড় করতে না পারায় পরিবারের লোকজনের সাথে তার দ্বন্দ হয়। ওই ঘটনার জেরধরে মঙ্গলবার গভীর রাতে প্রথমে নিজের বসতঘরে আগুন লাগিয়ে দেয় সাহাদুল। পরে তার আপন ভাই আনারুল ইসলামের বসতঘরেও আগুন লাগিয়ে দেয় সাহাজুল। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাদক সেবী সাহাজুল দুইটি ঘরে আগুন লাগিয়ে দেশীয় চাইনিজ কুড়াল নিয়ে বসতঘরের সামনে অবস্থান নেয়।
এসময় তার ভয়ে কেউ আগুন নেভাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে আগুন ছড়িয়ে পরার আগেই পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে সক্ষম হয়। একারনে কেউ হতাহত হয়নি।
বুধবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন বলেন, খবরপেয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। অগ্নিকান্ডে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশপাশি পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।









































