বাউফলে বিএনপির সম্মেলন স্থগিত
নভেম্বর ২৬ ২০২২, ২১:৫১
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ॥ ইউনিয়ন কমিটি গঠনের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন অডিটোরিয়ামে ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্মেলনের তারিখ ঘোষণার পর ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ঢাকায় বসে রাতের আঁধারে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন তার নিজের পছন্দের লোকজন নিয়ে উপজেলার ১৫টি ইউনিয়নের বিএনপির কমিটি ঘোষণা করেন।
এতে বাদপড়া নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। কমিটি গঠনে বিভিন্ন অভিযোগ এনে ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব বরাবর লিখিত অভিযোগ করেন উপজেলা বিএনপির দুই যুগ্ম আহ্বায়ক তসলিম উদ্দিন তালুকদার ও অনিচুর রহমান। ফলে শনিবারের পূর্ব ঘোষিত উপজেলা বিএনপির কাউন্সিল বন্ধ করে দেওয়া হয় এবং পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল বিভাগের বিএনপি দলীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিভাগের বিএনপি দলীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য নির্দেশ দিয়েছেন।








































