বরিশালে নিষিদ্ধ ১১০ কেজি পলিথিন জব্দ
জানুয়ারি ০২ ২০২৫, ০৪:৪১
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে একটি বেসরকারি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে নিষিদ্ধ ১১০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। ১ জানুয়ারি বিকেলে নগরীর বরিশাল ক্লাব রোড সংলগ্ন জননী কুরিয়ার সার্ভিসের ম্যানেজারে সহযোগীতায় অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক বি এম রাকিব উদ্দিন।
জননী কুরিয়ার সার্ভিস বরিশাল শাখার ম্যানেজার সুমন বলেন, ঢাকা চকবাজার শাখা থেকে গত ৩০ ডিসেম্বর রাতে চয়ন নামে বরিশাল চকবাজারের এক ব্যবসায়ীর নামে তিনটি বস্তুা জননীর বরিশাল শাখায় কুরিয়ার করেন, যা মঙ্গলবার বরিশালে এসে পৌঁছে।
জননী কুরিয়ার সার্ভিসের গাড়িতে ঢাকা থেকে আসা বস্তা তিনটি লেবাররা নামানোর সময় সন্দেহ হলে বস্তা তিনটি খুলে দেখতে পাই সরকার নিষিদ্ধ পলিথিন রয়েছে বস্তার ভিতরে। পরে খবরটি পরিবেশ অধিদপ্তরকে জানানো হলে তারা একদিনপর বুধবার এসে পলিথিন গুলো জব্দ করে নিয়ে যায়।
খবর পেয়েও পলিথিন জব্দে বিলম্বের কারণ জানতে চাইলে পরিদর্শক বি এম রাকিব উদ্দিন জানান, তিনি মোবাইল ফোনের মাধ্যমে মঙ্গলবার সংবাদটি জানলেও ব্যক্তিগত কাজে বাহিরে থাকায় আসতে পারেননি।
তবে বুধবার বিকেলে নিষিদ্ধ পলিথিনের খবর পেয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন টিম পাঠিয়ে ১১০ কেজি পলিথিন জব্দ করেন।
তবে ঘটনাস্থলে নিষিদ্ধ পলিথিনের মালিককে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।









































