বৈষম্যহীন কোটামুক্ত মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলার দাবীতে বরিশালে সমাবেশ
নভেম্বর ০৯ ২০২৪, ১৩:৪২
নিজস্ব প্রতিবেদক: একটি আধুনিক, বৈষম্যহীন, মেধাভিত্তিক জনপ্রশাসন নিশ্চিত করতে সকল ক্যাডারের মতের ভিত্তিতে জনপ্রশাসনের কাঠামোগত সংস্কারের জোর দাবী জানিয়েছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। আন্তঃক্যাডার বৈষম্যের ফলে সাধারণ জনগণের কাঙ্খিত সেবা প্রাপ্তি যেমন বাঁধাগ্রস্ত হচ্ছে তেমন দেশের টেকসই উন্নয়ন ব্যাহত হচ্ছে।
শনিবার (০৯ নভেম্বর) দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক মিলনায়তনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের বরিশাল বিভাগীয় সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সভায় বক্তারা বলেন জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে দক্ষ, প্রফেসনাল, আধুনিক ও সময়োপযোগী জনপ্রশাসন চালু করতে হবে। ‘ক্যাডার যার মন্ত্রণালয় তার এই ফরমুলায় জনপ্রশাসন তথা জনসেবা ব্যবস্থাপনা পুনর্গঠন করতে হবে। আরো জানানো হয় উপসচিব ও তদুর্ধ্ব পদকে ক্যাডার বহির্ভূত পদ ঘোষণা করে সকল ক্যাডার থেকে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে। এছাড়াও সকল ক্যাডারের মধ্যে পদসৃজন, পদোন্নতি, পদায়ন, গ্রেডপ্রাপ্তি, প্রিভিলেজ, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স ইত্যাদি বিষয়ে সমতার নীতি অবলম্বন করা এবং সকল ক্যাডারের মধ্যে ব্যাচভিত্তিক পদোন্নতি দিতে হবে বলে দাবী জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন ঔপনিবেশিক আমলে গঠিত প্রশাসন ব্যবস্থা দেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠায় সহায়কের ভূমিকা পালন করেছে। তাই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সিভিল সার্ভিসের বর্তমান বৈষম্যমূলক কাঠামোর আমূল সংস্কার আবশ্যক। উল্লেখ্য আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ দেশের ২৬টি ক্যাডারের মধ্যে ২৫টি ক্যাডারকে প্রতিনিধিত্ব করে।
২৫টি ক্যাডারের কর্মকর্তাগণ গত ৩০ আগস্ট ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের প্রত্যয়ে একটি পরিষদ গঠন করে।
সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহবাহক এ.টি.এম রাসেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: গোলাম মোস্তফা সহ বিভাগের বিভিন্ন প্রশাসনিক দপ্তদের ক্যাডার ও কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ক্যাডারের বরিশাল বিভাগীয় শীর্ষ কর্মকর্তা ও কেন্দ্রীয় সমন্বয়কগণ বক্তব্য প্রদান করেন।









































