মসজিদ নির্মাণের দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

নভেম্বর ২১ ২০২২, ২০:১৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আ ফ ম কামালউদ্দিন ও শহীদ সালাম-বরকত হল সংলগ্ন মসজিদের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনের সামনে এ মানববন্ধন করেন দুই শতাধিক শিক্ষার্থী। মানববন্ধনে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্মাণ কাজ শুরু করার দাবি জানানো হয়।

মানববন্ধনে শহীদ সালাম-বরকত হলের শিক্ষার্থী রাফিউল ইসলাম রনি বলেন, ‘ভিসি স্যার দেড় মাস আগে কাজ শুরুর কথা বলেছেন কিন্তু এখন পর্যন্ত কোনও কাজ দৃশ্যমান নয়।

প্রায় দুই-আড়াইশ মানুষ বাইরে বাগানের মধ্যে ইটের ওপর নামাজ পড়ে। এখন শীতকাল চলে আসায় আমাদের নামাজ পড়তে অনেক কষ্ট হচ্ছে। তাই অতিবিলম্বে ৩০ নভেম্বরের মধ্যে মসজিদ নির্মাণের কাজ শুরু করার দাবি জানাচ্ছি। না হয় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

আ.ফ.ম কামালউদ্দিন হলের শিক্ষার্থী মিরাজ হোসেন বলেন, ‘পূর্বেও আমরা এই ঝুঁকিপূর্ণ মসজিদে নামাজ পড়েছিলাম। প্রশাসন অনেক টালবাহানা করার পর মসজিদ ভেঙে নির্মাণের উদ্যোগ নিয়েছে ঠিকই কিন্তু কোনও নির্মাণ কাজ দৃশ্যমান নয়। নতুন মসজিদের মডেল চলে আসছে কিন্তু কাজ তারা শুরু করছে না। আমরা অতি দ্রুত কাজ শুরু করার দাবি জানাই।’

শহীদ সালাম-বরকত হলের আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ক্যাম্পাসে অধিকতর উন্নয়ন কার্যক্রম চলছে৷ সব কাজ পূর্ণ গতিতে চলছে। শুধু মসজিদের কাজ কেন থেমে আছে। মসজিদ নির্মাণ কাজের ধীরগতির জন্য প্রশাসনের সদিচ্ছার অভাব রয়েছে।’

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে শিক্ষার্থীদের দাবির মুখে মসজিদটির কাজ শুরু হলেও নতুন মডেলের ধারণ ক্ষমতা কম থাকায় বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। পরে নতুন নকশা প্রণয়ন করে মসজিদ নির্মাণের আশ্বাস দেন উপাচার্য।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও