ঝালকাঠিতে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের
মার্চ ০৯ ২০২৪, ১৬:৪৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে ভেকুবাহী ট্রাকের চাপায় আলতাফ মোল্লা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার বেলা এগারোটার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মানপাশা গোচড়া সড়কের ফুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত বৃদ্ধ আলতাফ মোল্লা সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা ছিলেন। তার পিতার নাম মৃত ওয়াজেদ মোল্লা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দপদপিয়া জিরোপয়েন্ট থেকে একটি ভেকুবাহী ট্রাক গোচড়া মানপাশা সড়কের ফুলতলা নামক স্থান দিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাকের পিছনের চাকায় বৃদ্ধ আলতাফ মোল্লা পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং নিহতের পরিবারের সাথে কথা বলি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।









































