ভোলায় নৌকার ক্লান্তিহীন প্রচারণা, দেখা নেই বাকি ১১ প্রার্থীর
জানুয়ারি ০১ ২০২৪, ১৭:৪৯
ভোলা প্রতিনিধি ॥ শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোলার চারটি আসনে অনেকটা নির্ভার আওয়ামী লীগ প্রার্থীরা। তারপরও প্রচার প্রচারণায় থেমে নেই তারা। নিজেদের বিজয় নিশ্চিতের পাশাপাশি ৭ জানুয়ারি কেন্দ্রে অধিক ভোটার নিশ্চিত করতে দিনরাত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
হেভিওয়েট প্রার্থী তোফায়েল আহমেদসহ সরকার দলীয় প্রার্থীরা প্রচারণার মাঠে উত্তাপ ছড়ালেও অনেকটাই নিরুত্তাপ প্রতিদ্বন্দ্বী অন্য ১১ প্রার্থী। এখনও প্রচারণার মাঠেই নামেননি অনেক প্রার্থী। তবে ৭ জানুয়ারি সুষ্ঠু ভোটের অপেক্ষায় আছেন সাধারণ ভোটাররা। সরেজমিন ঘুরে দেখা গেছে, ভোলা-১ আসনের হেভিওয়েট প্রার্থী তোফায়েল আহমেদের পথসভায় ঢোল বাদ্যের সঙ্গে নেচে গেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন সমর্থকরা।
প্রিয় প্রার্থীর পক্ষে জনসমর্থন সৃষ্টিতে কোনো ক্লান্তি নেই তাদের। গত ১৮ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে গ্রাম গঞ্জের প্রতিদিনের চিত্র এমন। চলছে গণসংযোগ, লিফলেট বিতরণ। তবে ভিন্ন চিত্র তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শিবিরে। তোফায়েল আহমেদের প্রতিদ্বন্দ্বী অপর ২ প্রার্থী জাতীয় পার্টির মো. শাজাহান ও জাসদের মো. ছিদ্দিকের নামমাত্র প্রচার প্রচারণা চলছে। যা এখন পর্যন্ত ভোটারদের মাঝে সাড়া ফেলতে পারেনি।
তবে দশমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে ভোলা-বরিশাল সেতু নির্মাণ ও ভোলাকে শিল্প নগরীতে পরিণত করার পরিকল্পনা তোফায়েল আহমেদের। সকাল বিকাল সভা করে ভোটারদের কেন্দ্র যাওয়ার আহ্বান জানান প্রবীণ এই আওয়ামী লীগ নেতা। এদিকে জাসদের প্রার্থী হিসাবে প্রথমবার নির্বাচন করছেন বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান।
বেকারদের কর্মসংস্থান ও মেডিকেল কলেজ স্থাপনসহ একগুচ্ছ প্রতিশ্রুতি রয়েছে তার। হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে মাঝেমধ্যে শহরে গণসংযোগ করতে দেখা গেছে তাকে। অন্যদিকে, লাঙ্গল প্রতীকের প্রার্থীর শহরে কিছু জায়গায় পোস্টার দেখা গেলেও এখন পর্যন্ত গণসংযোগে দেখা যায়নি তাকে। ভোলা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলী আজম মুকুল, ভোলা -৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৪ আসনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পক্ষে প্রচার প্রচারণা তুঙ্গে।
ভোলা-৩ আসনে নৌকার প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মো. জসিম উদ্দিনও প্রচারণার মাঠে রয়েছে। এসব আসনে আওয়ামী লীগ ছাড়া অন্য দলের প্রার্থীদের মাঠে কোনো কার্যক্রম লক্ষ্য করা যায়নি। মাঠের প্রচারণায় সক্রিয় না থাকলেও উন্নয়নের প্রতিশ্রুতিতে পিছিয়ে নেই এসব প্রার্থীরা। প্রার্থীদের উন্নয়ন প্রতিশ্রুতিতে আশ্বস্ত হলেও সুষ্ঠু ভোটের দাবি সাধারণ মানুষের।
তারা যেন কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারে তেমন পরিবেশ দাবি নির্বাচন কমিশনের কাছে। ভোলার চারটি নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫৩ হাজার ৭৫২ জন। এর মধ্য নারী ভোটার ৭ লাখ ৪৬ হাজার ও তৃতীয় লিঙ্গের ভোটার ১৪ জন।









































