সাভারে ছিনতাইকারীর কবলে পটুয়াখালীর এসিল্যান্ড
নভেম্বর ১৫ ২০২২, ১২:০৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন সরকারি কর্মকর্তা।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত আবু বকর সিদ্দিক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত। তার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে। সাভারে লাইভস্টক অ্যাকাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণে অংশ নিতে এসেছেন তিনি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘ওনার চিকিৎসা চলছে। আমরা তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।’
স্থানীয় এক ব্যক্তি জানান, ঘটনার সময় তিনি ওই এলাকাতেই ছিলেন। ওই লোক গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন। তখন পাঁচজন ছিনতাইকারী তাকে আক্রমণ করে।
এ সময় ছুরিকাঘাত করে মোবাইল, টাকা-পয়সা সব নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। পরে ছিনতাইকারীরা দেয়াল টপকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পালিয়ে যায়।
আ/ মাহাদী








































