প্রতীক পেয়েই প্রচারণায় ভোলার ১৬ প্রার্থী
ডিসেম্বর ১৮ ২০২৩, ১৮:০৪
ডেস্ক প্রতিবেদক ॥ ভোলা জেলার চারটি আসনের ১৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং অফিসার আরিফুজ্জামান। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
চারটি আসনে আওয়ামী লীগের চার প্রার্থী নৌকা, জাতীয় পার্টির (জেপি) এক প্রার্থী বাইসাইকেল, তরিকত ফেডারেশনের একজন ফুলের মালা, বাংলাদেশ কংগ্রেসের দুইজন ডাব, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক দুইজন, এনপিপির এক প্রার্থী আম, তৃণমূল বিএনপির এক প্রার্থী সোনালী আঁশ ও ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জসিম উদ্দিনকে ঈগল ও ভোলা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ মাথাল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের আচরণ বিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর অনুমতি দেন রিটার্নিং অফিসার। ভোলা-১ আসনে আওয়ামী লীগের তোয়ায়েল আহমেদ (নৌকা), জাতীয় পার্টির মো. শাজাহান মিয়া (লাঙ্গল) জাসদের ছিদ্দিকুর রহমান (মশাল) প্রতীক পেয়েছেন। ভোলা-২ আসনে আলী আজম (নৌকা), বাংলাদেশ কংগ্রেসের মো. আসাদুজ্জামান (ডাব), জাতীয় পার্টির (জেপি) মো. গজনবী (বাইসাইকেল), তরিকত ফেডারেশনের শাহেন শাহ মো. শামসুদ্দিন মিয়া (ফুলের মালা) প্রতীক পেয়েছেন।
ভোলা-৩ আসনে আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী শাওন (নৌকা), বাংলাদেশ কংগ্রেসের মো. আলমগীর (ডাব), জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন (লাঙ্গল), আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী মো. জসিম উদ্দিন (ঈগল) প্রতীক পেয়েছেন।
ভোলা-৪ আসনে আওয়ামী লীগের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (নৌকা), আবুল ফয়েজ স্বতন্ত্র (মাথাল), জাতীয় পার্টির মিজানুর রহমান (লাঙ্গল), এনপিপির মো. আলাউদ্দিন (আম) ও তৃণমূল বিএনপির মো. হানিফ সোনালী আঁশ প্রতীকে নির্বাচন করবেন।
প্রতীক পাওয়ার পরই সকল প্রার্থীকে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। প্রচারণার বিষয়ে ভোলা-৩ আসনের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রচারণা শুরু করেছি। নির্বাচনী সকল আচরণবিধি মেনেই প্রচারণা চালানো হচ্ছে।








































