মেঘনায় জাল পাতা নিয়ে সংঘর্ষে আহত ২০
ডিসেম্বর ০১ ২০২৩, ২০:১৭
ডেস্ক প্রতিবেদক ॥ ভোলার মেঘনা নদীতে জাল পাতা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপ জেলের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৮ জনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙচুরের পর ডুবিয়ে দেয়া হয়েছে একটি জেলে ট্রলার।
শুক্রবার (১ জানুয়ারি) ১১ টার দিকে সদর উপজেলার দনপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আহতরা জানান, সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের আবু মুসা মাঝির জেলে ট্রলার পার্শ্ববর্তী মদনপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনায় জাল ফেলে। এসময় মনদনপুর ইউনিয়নের ভুট্টোর নেতৃত্বে একদল তাদের ওপর হামলা চালিয়ে তাদেরকে মারধর করে। ভুট্টো তার কাছে থাকা পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে আবু মুসার ট্রলারের ছয় জেলেকে আটক করে। ভুট্টো মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু’র অনুসারী।
আটকের খবর পেয়ে ধনিয়ার তুলাতুলি ঘাট থেকে মুসা মাঝির বড়ভাই বশির মাঝিসহ তার আটক জেলেদের আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে মদনপুরের জেলেদের দ্বিতীয় দফা মারামারি হয়। মদনপুরের জেলেরা সংখ্যায় বেশি থাকায় ভাঙচুরের পর বশির মাঝির একটি ট্রলার ডুবিয়ে দেয়। এসময় ধনিয়ার বশির মাঝি গ্রুপের ১৮ জন ও মদনপুর চেয়ারম্যান গ্রুপের দুই জন আহত হন।
ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাহিদুর রহমান জানান, মেঘনার মাঝ নদীতে আধিপত্য বিস্তার ও মাছ ধরা নিয়ে নান্নু গ্রুপ (নাছির উদ্দিন নান্নু) ও বশির গ্রুপের মধ্যে মারামারি হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতাল পাঠিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।









































