আমতলীতে বাস পোড়ানোর ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯

নভেম্বর ১০ ২০২৩, ১৮:৫৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা অবরোধ চলাকালে বরগুনার আমতলীতে বাস পোড়ানোর ঘটনায় ৬৮ জনের নাম উল্লেখ করে ও আরো অনেককে অজ্ঞাত আসামি করে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুড়ে যাওয়া বাসের চালক আবুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা অবরোধ চলাকালে বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারের দক্ষিণ পাশে মধ্য তারিকাটা নামক এলাকায় সাকুরা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বশির হাওলাদার, মাসুম হাওলাদার, কাওছার হাওলাদার, লোকমান হাওলাদার, আল-আামিন প্যাদা, খবির হাওলাদার, বাবুল হাওলাদার, মাসুম তালুকদার ও আবুল হাওলাদার। মামলার তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার ওসি (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাত বলেন, গ্রেপ্তার হওয়া ৯ জনের মধ্যে বশির, খবির ও আল-আমিন প্যাদাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বাস পোড়ানোর মামলায় গ্রেপ্তার হওয়া ৯ জনকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া