টানা সরকারি ছুটির আমেজ কুয়াকাটায়

সেপ্টেম্বর ২৯ ২০২৩, ১০:০৯

ঈদে মিলাদুন্নবীসহ টানা তিন দিনের সরকারি ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত মুখরিত হয়ে ওঠেছে পর্যটকদের পদচারণায়। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে সৈকতে বেড়াতে এসেছেন শত শত ভ্রমণপিপাসু।

টানা তিনদিনের সরকারি ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। ছবি: সময় সংবাদ

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন অনেকে। কেউবা আবার প্রিয়জনদের সঙ্গে তুলছেন সেলফি। সৈকতের পাড়ে বসে উপভোগ করছেন সাগরের গর্জন।

বাড়তি পর্যটকদের ভীড়ে বিক্রি বেড়েছ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে অধিকাংশ হোটেল-মোটেল। আগতদের সার্বিক নিরাপত্তায় তৎপর ট্যুরিস্ট পুলিশ।

ঢাকা থেকে কুয়াকাটায় আসা আব্দুল আউয়াল বলেন, দুইদিনের সাপ্তাহিক বন্ধের পাশাপাশি বাড়তি একদিন সরকারি বন্ধ পেয়েছি। তাই পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছি। ঢাকা থেকে মাত্র ৬ ঘণ্টায় পদ্মা সেতু হয়ে কুয়াকাটায় চলে এসেছি।

কুষ্টিয়া থেকে আসা মো. কবির হোসেন বলেন, আমরা বন্ধুরা মিলে সকালে কুয়াকাটা এসেছি। অনেক ভিড় দেখতে পাচ্ছি। মানুষের আনোগোনায় অন্যরকম ভালো লাগা কাজ করছে। 

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মো.হাচনাইন বলেন, আশা করি কুয়াকাটায় আরও পর্যটক হবে। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে আমরা কাজ করে যাচ্ছি। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। 
 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া