বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত – ৩
আগস্ট ২৪ ২০২৩, ১৮:৪০
বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে দু পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে মো. আবুল বশার (৫৫), মো. মিজানুর (৪০) ও মো. সায়েম (২০) নামে তিন ব্যক্তিকে পিটিয়ে আহত করা হয়েছে।
আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার নাজিরপুর গ্রামের আবদুল জব্বার খানের ছেলে আবুল বশারের সঙ্গে একই গ্রামের মো. জবান আলী খানের ছেলে মো. মাহাতাবের (৫০) জমি সংক্রান্ত বিরোধে চলে আসছে। কিছুদিন আগে বীজ রোপণের জন্য আবুল বশার খেত তৈরি করেন।
আজ বৃহস্পতিবার ওই খেতে ট্রাক্টর নিয়ে ফের চাষাবাদের জন্য মাহাতাব ১০-১২ জনের একটি দল নিয়ে যান। খবর পেয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে আবুল বশার ও তাঁর ছোট ভাই মিজানুর, ভাতিজা সায়েম গিয়ে তাতে বাধা দেন। তখন তাঁদেরকে মাহাতাব ও তাঁর লোকজন পিটিয়ে আহত করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মাহাতাব বলেন,তাঁর জমি জোড়পূর্বক আবুল বশার চাষ করেছেন।ওই জমিতে তিনি আজকে চাষ করতে গেলে আবুল বশার লোকজন নিয়ে বাধা দেন। তখন তাঁর (মাহাতাব) সঙ্গে তাঁদের ( আবুল বশার) কথা-কাটাকাটি হয়েছে।’
তিনি আরও বলেন,এর আগে প্রতিপক্ষের লোকজন তাঁর ছেলে ও তাঁকে একাধিকবার মারধর করেছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন,‘এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’









































