বাউফলে পোস্ট অফিসে গ্রাহকের সঞ্চয়পত্রের ২কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ১৭ ২০২৩, ১৭:৫৫

বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের বগা বন্দর পোস্ট অফিসের সাব-পোস্ট মাস্টার আবদুল ওহাবের বিরুদ্ধে শতাধিক গ্রাহকের সঞ্চনপত্রের প্রায় ২কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় ভুক্তভোগী গ্রাহকদের পক্ষে পটুয়াখালী জেলা পোষ্ট অফিসের পরিদর্শক (পূর্ব উপ-বিভাগ) মোঃ রিয়াজ হাওলাদার বাদী হয়ে আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বগা ইউনিয়নের বগা বন্দর পোস্ট অফিসে শতাধিক গ্রাহক মাসিক মুনাফায় ও ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতেন। সাব-পোস্ট মাস্টার আবদুল ওহাব ওরয়ে ফরিদ গ্রাহকদের হিসেব বইয়ে টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন।

টাকা জমা রাখার সময় কোনো রকম রশিদ দেননি । তবে সাদা কাগজে তার সীল ও স্বাক্ষরিত একটি করে টোকেন গ্রাহকদের ধরিয়ে দিতেন। সম্প্রতি গ্রাহকরা তাদের মুনাফার টাকার হিসেব চাইতে গেলে গড়িমসি শুরু করেন সাব পোস্ট মাস্টার ওহাব ওরফে ফরিদ।

পরে গ্রাহকরা খোঁজ নিয়ে জানতে পারেন তাদের অ্যাকাউন্টে কোনো টাকা জমা দেয়া হয়নি। পুরো টাকাই সাব-পোস্ট মাস্টার আত্মসাৎ করেছেন। বগা ইউনিয়নের পুতুল রাণী নামের এক ভুক্তভোগী নারী বলেন, ‘পরিবারের উপার্জনের প্রায় ৫লাখ ৭০হাজার টাকা সাধারন মুনাফা হিসেবে জমা রাখি।

পোস্ট মাস্টার সেই টাকা বইতে জমা না রেখে আত্মসাৎ করেন। টাকা জমা রাখার সময় তিনি আমাকে তার স্বাক্ষর ও সীলমোহরযুক্ত একটি টোকেনদিয়েছেন। ৭দিন পর নতুন বই দিবেন বলে জানান। পরে বই নিতে গেলেই আজ কাল পরশু দিবেন বলে সময় নেন।

পরে খোঁজ নিয়ে জানতে পারি তিনি আমার অ্যাকাউন্টে টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। তিনি আরও বলেন, ‘টাকার জন্য তার সংসার ভাঙার পথে। এনিয়ে প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বদ্ব হয়।’ টাকা ফিরে পেতে আকুতি জানিয়েছেন ওই নারী।

একই ইউনিয়নের চাবুয়া গ্রামের নুর সাহেদার ৬ লাখ টাকা, রাজনগর গ্রামের সেতু রানীর ৫ লাখ ৫০হাজার টাকা, ছায়া রানীর ৩ লাখ ৩০হাজার টাকা, সাবুপুরা গ্রামের রিজিয়া বেগমের দেড় লাখ টাকা ও লাইজু বেগমের ৩ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ করেছেন ।

কয়েকজন ভুক্তভোগী জানান, শতাধিক গ্রাহকের প্রায় ২কোটি টাকা আত্মসাৎ করেছেন সাব-পোস্ট মাস্টার আবদুল ওহাব। এদিকে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে বুধবার (১৬ আগস্ট) অভিযুক্ত সাব পোস্ট মাস্টার আবদুল. ওহাবকে সাসপেন্ড করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযুক্ত বগা বন্দর পোস্ট অফিসের সাব-পোস্ট মাস্টার আবদুল ওহাব পলাতক ও তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও