কলাপাড়ায় বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড

আগস্ট ০৭ ২০২৩, ১৭:১৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীতে গত ৫ দিন ধরে বৃষ্টি হচ্ছে। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত জেলার কলাপাড়া উপজেলায় এ বছরের সর্বোচ্চ ৩১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারও পরিবার।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃষ্টির এ ধারা আরও ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সোমবার (৭ আগস্ট) সরেজমিনে ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে পানি বন্দি হয়ে পড়েছে কলাপাড়া, গলাচিপা, রাঙ্গাবালি, বাউফল ও মির্জাগঞ্জের হাজারও পরিবার।

পানিতে ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে মৌসুমী সবজি চাষি ও আমন চাষিরা। ফের ভাঙন শুরু হয়েছে নীলগঞ্জ ইউনিয়নের গৈয়াতলা বেড়িবাঁধে। বৃষ্টির এ ধারা অব্যাহত থাকলে বড় ক্ষতির সম্মুখীন হবেন কৃষকরা।

তবে মৎস্য খাতে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এখনো নিশ্চিত করতে পারেনি জেলা সৎস্য বিভাগ। এদিকে, যেকোন সময় উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ কারণে পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও