পটুয়াখালীতে এলাকাবাসীর নালিশ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব, ছুরিকাঘাতে বড়ভাই খুন
জুলাই ২০ ২০২৩, ১৬:০৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দশমিনায় এলাকাবাসীর নালিশকে কেন্দ্র করে ছোটভাই ফারুক ফকিরের ছুরিকাঘাতে বড়ভাই মো. মন্নান ফকির (৫৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চর হোসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মন্নান উপজেলার চর হোসনাবাদ এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক ফকির এলাকার মানুষকে শুধু শুধু বকাবকি করার কারণে স্থানীয়রা তার বড় ভাই মন্নানের কাছে নালিশ দেন। মন্নান তার ছোট ভাই ফারুককে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে নিষেধ করেন।
এ কারণে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফারুকের ছুরিকাঘাতে মন্নান গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. খন্দকার সামছুর রহমান বলেন, ছুরিকাঘাতে আহত মো. মন্নান ফকিরকে হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারা হোসেন তালুকদার বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঘটনায় জড়িত ছোট ভাই ফারুককে গ্রেফতার করা হয়েছে। এসময় হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার কারা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।








































