পায়রায় আজ ফের শুরু বিদ্যুৎ উৎপাদন
জুন ২৫ ২০২৩, ১২:৪২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সবকিছু ঠিকঠাক থাকলে আজই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে। আর উৎপাদিত বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। ইতিমধ্যে বিদ্যুৎ উৎপাদনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
এর আগে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে আসা জাহাজ ‘এমভি অ্যাথেনা’ শুক্রবার মধ্যরাতে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়েছে। শনিবার সকাল থেকে চলছে কয়লা খালাস কার্যক্রম।
কয়লা সংকটের কারণে গত ২০ দিন ধরে উৎপাদন সম্পূর্ণ বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে বিদ্যুৎকেন্দ্রটি। আপাতত একটি ইউনিট দিয়ে উৎপাদন শুরু করলেও অব্যাহতভাবে কয়লা আমদানি করে অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে।
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান বলেন, বৃহস্পতিবার মধ্য রাতে ‘এমভি অ্যাথেনা’ পায়রা বন্দরের আন্তঃনোঙরে আসার পর থেকেই লাইটারের মাধ্যমে কয়লা খালাস শুরু হয়। শুক্রবার মধ্যরাতে জাহাজটি আমাদের জেটিতে ভিড়েছে। কয়লা খালাস চলছে। রোববার (আজ) থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ করার জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি শুরু হয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হলে লোডশেডিংয়ের তীব্রতা অনেকটা কমে আসবে।








































