সাংবাদিক নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে লালমোহনে মানববন্ধন
জুন ১৮ ২০২৩, ১৯:১৭
লালমোহন (ভোলা) প্রতিনিধি: দৈনিক মানবজমিন ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একাত্তর টিভির জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবিতে ভোলার লালমোহনে মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে লালমোহন পৌরশহরের চৌরাস্তার মোড়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহিদ দুলালের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ হাসান লিটন, লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আমজাদ হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শাহীন কুতুব, সাধারণ সম্পাদক সালাম সেন্টু, সাংবাদিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, প্রেসক্লাবের বার্তা বিষয়ক সম্পাদক হাসান পিন্টু, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমেদসহ আরো অনেকে। মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তারা সাংবাদিক নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান।
এছাড়া, দেশের প্রতিটি স্থানে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ নির্বিঘ্ন করা ও জীবনের নিরাপত্তা নিশ্চিতের জন্য সংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
প্রসঙ্গত, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম গত বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায়
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন।এরপর বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।









































