ভারতে উচ্চতর প্রশিক্ষণে গিয়ে মারা গেলেন বাউফলের ইউএনও
জুন ১১ ২০২৩, ১৬:১৮
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমিন (৩৮) মারা গেছেন।
রোববার (১১ জুন) বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টার দিকে তিনি ভারতে উচ্চতর প্রশিক্ষনে অবস্থান কালে মৃত্যুবরণ করেন। সূত্রে জানা যায়, বাউফল উপজেলা নির্বহী অফিসার (ইউএনও) মোঃ আল আমিন গত ৬ জুন উচ্চতর প্রশিক্ষণের জন্য ভারত যান।
তিনি ভারতের উত্তরখন্ড প্রদেশের মিশৌরীতে প্রশিক্ষনে থাকা অবস্থায় রবিবার (১১ জুন) বাংলাদেশ সময় দুপুর সোয়া ১ টার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বাউফল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি ২০২১ সালের ৩১ অক্টোবর বাউফলে যোগদান করেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলার চুনাখালী গ্রামে, তার দুটি জমজ শিশু কন্যা সন্তান রয়েছে।
তার মৃত্যুর খবর বাউফলে ছড়িয়ে পড়লে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আছে। ইউএনওর স্ত্রী বুশরা ইসলাম দুই সন্তান নিয়ে বর্তমানে বাউফলে অবস্থান করছেন।








































