পটুয়াখালীতে রাতে মোবাইল কেনার টাকা চেয়ে ঝগড়া, সকালে স্ত্রীর আত্মহত্যা
জুন ০৯ ২০২৩, ২০:০৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: স্ত্রীর কাছে মোবাইল কেনার টাকা চাওয়ায় রাতে স্বামী-স্ত্রী ঝগড়ার পর সকালে স্ত্রী রুমা আক্তার (১৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জুন) সকালে পটুয়াখালী পৌর শহরের পল্লী বিদুৎ এলাকায় বাবার বাসা থেকে রুমার লাশ উদ্ধার করা হয়।
নিহত রুমা আক্তার মরিচবুনিয়া ইউনিয়নের পাটুখালী এলাকার আরাফাত মৃধার স্ত্রী এবং পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা খোকন খা’র মেয়ে। এ ঘটনায় বর্তমানে স্বামী আরাফাত মৃধা ও তার বোন আইমান পলাতক রয়েছেন।
রুমার মা মরিয়ম বেগম জানান, রুমার এইচএসসি পরীক্ষার কারণে মঙ্গলবার রুমা ও তার ননদ আইমান আমাদের বাড়িতে আসেন। বুধবার আসেন জামাই আরাফাত মৃধা। গত রাতে রুমার কাছে মোবাইল কেনার টাকা চাওয়ায় তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রুমা আমাদের কাছে টাকা চাইলে আমরা দিতে পারিনি।
তিনি আরো বলেন, শুক্রবার সকালে তিনি পাশা নার্সিং ইনস্টিটিউটে রান্না করতে যান। সকাল আটটার দিকে জামাই আমার ফোনে কল দিয়ে তিনি আর তার বোন বাড়ি চলে যাচ্ছেন বলে জানান।
জামাইকে চলে যেতে নিষেধ করে বাসায় গিয়ে দরজা বন্ধ পাই। তখন আমি ফোন করে রুমা তাদের সঙ্গে গেছে কিনা জানতে চাইলে রুমা বাসাতেই আছেন বলে জানান তিনি। পরে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে রুমার ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে আমার চিৎকারে এলাকার লোকজন গিয়ে পুলিশকে খবর দেন।
রুমার বাবা খোকন খাঁ বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
পটুয়াখালী সদর থানার এসআই বিপুল হাওলাদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না।








































