জাতীয় আইটি প্রতিযোগিতায় তৃতীয় পটুয়াখালীর শিহাব
মে ০৭ ২০২৩, ১৯:৩৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা-২৩ এর শারীরিক ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করেছে দৈনিক নয়া দিগন্তের গলাচিপা উপজেলা সংবাদদাতা মোহাম্মদ হারুন অর রশিদের ছেলে শিহাব।
সারা বাংলাদেশের প্রতিবন্ধীদের মধ্যে বাছাইকৃত শতাধিক প্রতিযোগীদের অংশগ্রহণে চারটি পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে চারটি ক্যাটাগরির মোট ১২ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
শনিবার (৬ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতা ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) সহযোগিতায় আয়োজন করা হয়।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (গ্রেড-১) রনজিৎ কুমার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় নিয়ামুর রশিদ শিহাবের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, উন্নত মানের ব্যাগ ও একটি অ্যান্ড্রয়েড ফোন তুলে দেয়া হয়।
জানা গেছে, শিহাবের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। সে বর্তমানে বরিশাল সরকারী পলিটেকনিক ইনষ্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের শেষ বর্ষের শিক্ষার্থী।
গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ও দৈনিক নয়া দিগন্তের গলাচিপা উপজেলা সংবাদদাতা মোহাম্মদ হারুন অর রশিদ এবং রতনদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লুৎফুন নাহারের ছেলে। শিহাব তিন ভাই-বোনের মধ্যে বড়। সে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত ফিচার লিখে পরিচিতি লাভ করেছে।
এ ছাড়া শিহাব ২০২১ সালে জাতীয় আইটি প্রতিযোগিতায় বিজয়ী হয়ে গ্লোবাল আইটি প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং ১৪টি দেশের প্রতিযোগীদের মধ্যে তৃতীয় স্থান লাভ করেছিল।







































