পিরোজপুরের ব্যস্ত সরু রাস্তাটি ঝুঁকিপূর্ণ
এপ্রিল ২৫ ২০২৩, ১১:৫০
পিরোজপুর প্রতিনিধি ॥ বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের ১২ কিলোমিটার সরু রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। রাস্তাটি সরু থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
সংশ্লিষ্টরা জানান, পদ্মা ও বেকুটিয়া ব্রিজ চালু হওয়ায় সড়ক যোগাযোগে পিরোজপুর পরিণত হয়েছে একটি অতি গুরুত্বপূর্ণ জেলায়। এ জেলার ওপর থেকে চলে যাওয়া বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের বেকুটিয়া স্টিল ব্রিজ থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত ১২ কিলোমিটার সরু রাস্তা হয়ে উঠেছে খুব ব্যস্ততম সড়কে। আর রাস্তাটি সরু থাকায় দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পিরোজপুরের একদিকে পায়রা সমুদ্রবন্দর অন্যদিকে মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল ও ভোমড়া স্থলবন্দর থাকায় খুলনা বরিশাল সড়কের পিরোজপুর একটি গুরুত্বপূর্ণ জেলা হয়ে দাঁড়িয়েছে। তা ছাড়া পদ্মা ও বেকুটিয়ার মতো দুটি গুরুত্বপূর্ণ সেতু চালু হওয়ায় হঠাৎ করেই ব্যস্ত হয়ে পড়েছে পিরোজপুরের সড়কগুলো।
রাস্তায় গাড়ির পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়লেও রাস্তার প্রশস্ততা বাড়েনি। প্রয়োজনের তুলনায় রাস্তা না থাকায় সড়কগুলোতে ঝুঁকি বেড়েছে বহুগুণে।
এ আঞ্চলিক মহাসড়কটি মূল শহরের ওপর দিয়ে চলে যাওয়ায় এবং রাস্তার পাশে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, বাসস্ট্যান্ড, বাজার ও আন্তঃউপজেলা বাস টার্মিনাল থাকায় এ সড়কটি প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত থাকায় জনদুর্ভোগ বেড়েছে। যার ফলে গত এক মাসে এসব রাস্তায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২ জন।
এ দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে এটি চার লেনের সড়কের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব বলেন, দিন দিন এ রাস্তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় ভারী যানবাহন চলাচল করছে। সড়কের বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ বাক রয়েছে।
শহরের ভেতর দিয়ে চলে যাওয়া আঞ্চলিক মহাসড়কের দুই পাশে শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন অফিস আদালত, বাজার থাকায় দুর্ঘটনা বাড়ছে। গত এক মাসে প্রাণ হারিয়েছে ১২ জন। দ্রুত রাস্তা প্রশস্ত করা প্রয়োজন। রাস্তা প্রশস্ত করা না হলে দিন দিন দুর্ঘটনা বাড়বে।
পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, ব্রিজের কারণে যানবাহন বাড়ায় সড়ক ব্যস্ত হওয়ায় ট্রাফিক ভলিউম বেড়ে গেছে। ফলে সড়কে ঝুঁকি বেড়েছে। তবে এ সমস্যা সমাধানে সড়কটিকে জাতীয় মহাসড়কে উন্নীত করা হবে। বরিশাল-খুলনা মহাসড়কের দীর্ঘ ৯১ কিলোমিটারের মধ্যে পিরোজপুরের ওপর দিয়ে যাওয়া ১২ কিলোমিটার সড়কই ঝুঁকিপূর্ণ।








































